প্রায় দুই ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার দুপুরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখে পড়েন।
বাংলাদেশ সময় দুপুর দেড়টার পর থেকে অনেক ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে গেলে “Account Temporarily Unavailable” বার্তা দেখতে পান। এতে জানানো হয়, সাইটে সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়।
প্রায় দুই ঘণ্টা পর, বিকেল সাড়ে ৩টার দিকে ফেসবুকের সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
প্রাথমিকভাবে সমস্যাটি মূলত ওয়েব ব্রাউজার ব্যবহারকারীদের ক্ষেত্রে দেখা গেলেও অনেকের মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবেই চলছিল।
বিশ্বব্যাপী সেবার এই বিঘ্নের বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Downdetector, IsDown, NordVPN এবং Down For Everyone, যেখানে অল্প সময়ের মধ্যেই হাজারো অভিযোগ জমা পড়ে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, সিঙ্গাপুর, ফিলিপাইন, পাকিস্তান, তুরস্ক, রোমানিয়া, জর্জিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানান।
কিছু ব্যবহারকারী মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। তবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সেবা স্বাভাবিক ছিল।
ফেসবুক ব্যবহার করতে না পেরে অনেকেই বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে সমস্যাটি বৈশ্বিক নাকি ব্যক্তিগত—তা জানার চেষ্টা করেন।
এই বিভ্রাটের কারণে ফেসবুকনির্ভর ব্যবসা, সংবাদমাধ্যম, কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল বিপণন কার্যক্রমও সাময়িকভাবে ব্যাহত হয়।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ব্যবহারকারীদের দেখানো বার্তায় শুধু প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত দেওয়া হয়।