তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার বাড়ি

ইউরোপের রেকর্ড তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

চলমান চরম আবহাওয়ার কারণে দেশটিতে এটিই প্রথম বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ গ্রিডের একটি ট্রান্সফরমারে সমস্যার কারণে এ বিপর্যয় ঘটে।

ফিনিস্তের উপকূলীয় বিভাগের প্রশাসন এক বিবৃতিতে জানায়, অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে। তবে এতে কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়নি। ফ্রান্সের রেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রশাসন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কুইম্পার শহরের কাছে এরগে-গাবেরিক এলাকায় এ ঘটনা ঘটে।

ফ্রান্সের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা আরটিই ও এনেডিসের কর্মীরা রাতে কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তবে বুধবার দিনের শেষের আগে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ ফিরবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাত নাগাদ ফ্রান্সের বিদ্যুৎ নেটওয়ার্কের সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটি সবচেয়ে গরম দিনের রেকর্ড করেছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিই বলেছে, ‘প্রযুক্তিগত কারণে দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। বুধবার দিনের শেষ নাগাদ সবচেয়ে দ্রুত সংযোগ দেওয়া যেতে পারে।’

বুধবার ফিনিস্তেরসহ ফ্রান্সের ৫৮টি বিভাগে চরম তাপপ্রবাহের সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত বুধবার তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলীয় ও বায়ুপ্রবাহের এমন কিছু পরিস্থিতির কারণে এ চরম আবহাওয়া তৈরি হয়েছে, যা কয়েক দিন ধরে গরম বাতাসকে আটকে রাখছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + eighteen =