এবার ‘দাদাগিরি’ করবেন দেব

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’তে এবার নতুন সঞ্চালকের আসনে দেখা যাবে টালিউডের জনপ্রিয় নায়ক দীপক অধিকারী দেবকে।

বছরের পর বছর ধরে ‘দাদাগিরি’র মঞ্চে ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু সঞ্চালকই ছিলেন না, বরং দর্শকের কাছে হয়ে উঠেছিলেন এক আবেগের নাম। তার ব্যক্তিত্ব, হাস্যরস আর অনন্য উপস্থাপনা শোটিকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল। তাই তার বিদায়ের খবর সামনে আসতেই দর্শকমহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এবার সেই জায়গা পূরণ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা ও প্রযোজক দেব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, “একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।”

ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন লোকেশনে ‘দাদাগিরি’র নতুন সিজনের প্রোমো শুট সম্পন্ন হয়েছে। যদিও সেই সব দৃশ্য গোপন রাখা হয়েছে। দর্শকদের কৌতূহল এখন দেবের নতুন লুক ও উপস্থাপনার ধরণ ঘিরে।

দীর্ঘদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো শক্তিশালী ব্যক্তিত্বের পর্দা-উপস্থাপনার পর দেব কতটা দর্শককে ধরে রাখতে পারবেন বা নতুনত্ব আনতে পারবেন—এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ মনে করছেন, সৌরভের ক্যারিশমা রিপ্লেস করা সহজ হবে না, আবার অনেকে মনে করছেন দেব তার নিজস্ব স্টাইলেই শো–তে নতুন মাত্রা যোগ করতে পারবেন।

‘দাদাগিরি’র নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এক অনিশ্চয়তা ও প্রত্যাশার মিশেলে। এখন দেখার বিষয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের গড়া জনপ্রিয়তার ভিতের ওপর দাঁড়িয়ে দেব কতটা নিজের ছাপ রাখতে পারেন দর্শকের মনে।

জনপ্রিয় আরেক রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’–এর সঞ্চালনায়ও পরিবর্তনের খবর এসেছে, যা বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − 5 =