বাংলাদেশের সিরিজ  জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ

দুই ম্যাচ শেষে এখন ১-১ সমতায়। কাল ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৭ ওডিআই বিশ্বকাপ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই মার্চ ২০২৭ এর মধ্যে ওডিআই রাংকিংয়ে ৮ম এর ভিতর উন্নীত করতে হবে। ৮১ পয়েন্টস নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ম।

নিউ জিল্যান্ড ১০৯ পয়েন্টস নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও এই দলটিতে নেই প্রথম চয়েস অধিকাংশ খেলোয়াড়। নবীন খেলোয়াড় সমৃদ্ধ দলকে দুর্বল বলা যাবে না। প্রথম খেলা জিতে ওরা প্রমাণ করেছে ওদের হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই।

তবুও পূর্ণ শক্তির বাংলাদেশ দল এখনো সিরিজ জয়ের জন্য ফেভারিট। তবে অবশ্যই বাংলাদেশকে নিজেদের সামর্থের সবটুকু দিয়েই খেলতে হবে। দ্বিতীয় ম্যাচ জয়ে যে জয়ের ক্ষুধা দেখা গেছে সেটি বজায় রাখতে হবে।

তৃতীয় ম্যাচের জন্য তানজিদ হাসান সাকিবকে স্কোয়াডে নেওয়া হয়েছে হয়তো তাসকিন বা শরিফুলকে বিশ্রাম দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে ব্ল্যাক ক্যাপ্স শিবিরে আতংক ছড়ানো নাহিদ রানাকে তৃতীয় ম্যাচ খেলানোর পক্ষপাতী। আর সেই সঙ্গে আঘাত গুরুতর না হলে আমি মুস্তাফিজকেও চট্টগ্রামে খেলালোর পরামর্শ  দিবো।

মুস্তাফিজ, তানজিম, নাহিদ সমন্বয়ে গড়া পেস বল কম্বিনেশন ভালোই হবে। জানিনা টিম ব্যাবস্থাপনা ঝুঁকি নিবে কিনা। নিলে আমি স্পিনার হিসাবে মেহেদী মিরাজের স্থানে তানভীরকে সুযোগ দেওয়ার পক্ষপাতী। হয়তো এতগুলো পরিবর্তন করার ঝুঁকি নিবে না দল। সেই ক্ষেত্রে মিরাজ যেন শেষ ম্যাচে পরিস্থিতি অনুযায়ী রিশাদ হোসেনকে পূর্ণ কোটার বোলিং করার সুযোগ দেয়।

যদিও দ্বিতীয় ম্যাচে মনোমুগ্ধকর ব্যাটিং করেছে বাংলাদেশ তবুও আমি বলবো ব্যাটসম্যানদের ধারাবাহিকতা প্রয়োজন। তানজিদ তামিমকে তার সুন্দর ইনিংস গুলো আরো গভীরে নিয়ে যেতে হবে, আশা করি সাইফ হাসান ধারাবাহিক হবে।

লিটন দাসকে শট নির্বাচনে সতর্ক থাকতে হবে। শান্ত বেশ কিছু ইনিংস পরে অর্ধশত রান পেয়েছে। দুটি ভালো ইনিংস খেলেছে তাওহীদ হৃদয় যদিও স্ট্রাইক রেট ভালো ছিল না। আবারো বলছি বাংলাদেশ যেন ২৫০+  টার্গেট তাড়া করতে লেজে গোবরে করে না ফেলে। ওডিআই যেন টি২০ ঢংয়ে ব্যাটিং না করে।

বাংলাদেশে কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়া আর ভারত পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে আসবে। তাদের বিরুদ্ধে সিরিজ জয় কিন্তু নিশ্চিত করে বলা যাবে না। আর তাই চট্টগ্রামের ম্যাচটি জয়ের সুযোগ হাতছাড়া করা যাবে না।

জানিনা চট্টগ্রাম উইকেটের গুণগত পরিবর্তন হয়েছে কিনা। এমনিতেই চট্টগ্রাম উইকেটে রান থাকে। মীরপুর থেকে ভিন্নতর হয়ে থাকে। শুনেছি মাঠে পানির সংকটে উইকেট কিছুটা শুষ্ক থাকতে পারে। তাই সুযোগ থাকলে আগে ব্যাটিং করলে ভালো হবে।

সম্ভাব্য বাংলাদেশ দল: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত , তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও  শরিফুল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 10 =